হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪
ডেঙ্গুতে নতুন আরও ৮ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।
এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪৯১ জন।
অন্যদিকে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।
নতুন মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।



আপনার মতামত লিখুন