ভালোবাসার টানে কেরালা থেকে পীরগঞ্জে অশ্বিনী, ধর্মান্তরিত হয়ে শুরু নতুন সংসার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৩২ সকাল
ভালোবাসার টানে কেরালা থেকে পীরগঞ্জে অশ্বিনী, ধর্মান্তরিত হয়ে শুরু নতুন সংসার

ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে সুদূর ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। বর্তমানে স্বামী মাসুদ রানার সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্বশুরবাড়িতে বসবাস করছেন তিনি। বিদেশি এই নববধূকে দেখতে প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের উৎসুক মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন পীরগঞ্জের হাজীপাড়ার বাসিন্দা মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করার সুবাদে পরিচয় হয় ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনীর সঙ্গে। একই কর্মস্থলে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক।

একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। চলতি বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দুবাইয়ে একসঙ্গে সংসার শুরু করেন। তবে প্রবাসের সেই সংসার এবার ঠাঁই পেয়েছে বাংলাদেশের মাটিতে। গত বুধবার স্বামীর সঙ্গে পীরগঞ্জের গ্রামের বাড়িতে আসেন অশ্বিনী।

বাংলাদেশে আসার পর স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অশ্বিনী। নতুন ধর্মীয় পরিচয়ে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

অশ্বিনী জানান, দুবাইয়ের একটি রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। দুজনের সম্মতিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

মাসুদ রানার মা জানান, ছেলে দুবাইয়ে থাকা অবস্থাতেই তাদের প্রেমের সম্পর্কের কথা পরিবার জানতে পারে। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন। অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

দূর দেশের পরিচয় থেকে ভালোবাসা, এরপর বিয়ে—সবশেষে স্বামীর জন্মভূমিতে এসে নতুন করে সংসার শুরু করেছেন অশ্বিনী। এই ভিন্ন দেশের দম্পতিকে ঘিরে এখন স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

Feb2
Feb2