দুর্ঘটনায় স্বামী-মেয়ের মৃত্যু, ২৪ দিন পর চলে গেলেন রেশমী
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে চলে গেলেন রেশমী আক্তার। টানা ২৪ দিন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার (৩১), দেড় বছরের মেয়ে ওয়াসিফা জান্নাত ও স্বজনদের নিয়ে অটোরিকশায় করে কেরানীহাটের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রেশমীর স্বামী দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শিশু ওয়াসিফার। দুর্ঘটনায় গুরুতর আহত রেশমীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে টানা ২৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবচার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
স্বামী ও সন্তানকে হারানোর শোকের মধ্যেই ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন না ফেরার দেশে।



আপনার মতামত লিখুন