গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪২ বিকাল
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট দফা দাবি এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানারও টাঙানো হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে। মিছিলগুলো পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে একত্রিত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে পুরাতন লঞ্চঘাট থেকে শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ের দিকে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন তারা। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

এরপর বিক্ষোভকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলেন তারা।

পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের একটি এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও লিখে দেন তারা। এ ছাড়া প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশকে অবস্থান নিতে দেখা গেলেও তাদের দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন রাজপথে চলবে।

এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

Feb2
Feb2