লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৪ সকাল
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

যুক্তরাজ্যের লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষ ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ জানান, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এদিকে, মঙ্গলবার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

Feb2
Feb2