আনোয়ারার ১১ ইউপিতে ভোট ৪ ফেব্রুয়ারি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আগামী ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আনোয়ারার ইউনিয়নগুলোতে ভোট নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপের ভোটের দিন বৃহস্পতিবার।
গত সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন আয়োজনের বিষয়ে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
তবে আনোয়ারার ১১টি ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের বিষয়টি এখনো প্রাথমিক পরিকল্পনায় রয়েছে। চূড়ান্ত তফসিল ও নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নির্বাচন হলে এসব পরিষদে জনপ্রতিনিধি ফিরে আসার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমেও গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন