আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ সকাল
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আট জেলা ও ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।

এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন বিজিবি সদস্যরা।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের সংশ্লিষ্ট জেলাগুলোতেও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে তারা প্রস্তুত রয়েছেন।

Feb2
Feb2