ঢাকা দক্ষিণে তাপসের জয়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে তাপস নূর।
তিনি বিপুল ব্যবধানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করেছেন।
ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ১১৫০টি কেন্দ্রের সব কটিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে শেখ ফজলে তাপস নূর পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫টি ভোট। অপর দিকে বিএনপি সমর্থিত ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২টি ভোট।
দেরির কারণ নিয়ে রিটার্নিং কর্মকর্তা বাতেন বলেন, প্রিজাইডিং অফিসাররা ট্যাবে রেজাল্ট পাঠাতে ভুল করেছেন, অনেকে ম্যানুয়ালি পাঠিয়েছেন। যারা ভুল করেছেন, তাদের আলাদা আলাদাভাবে কল করে আমরা ম্যানুয়ালি রেজাল্ট নিচ্ছি।
এই সিটিতে মেয়র প্রার্থী ছিলেন মোট সাতজন।
অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫২৫ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট। গণফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ সুজন মাছ প্রতীকে ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ডাব প্রতীকে ২ হাজার ৪২১টি ভোট পেয়েছেন। আর ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারানে সুলতান বাহার আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট।


আপনার মতামত লিখুন