পুলিশ পিটিয়ে নবনির্বাচিত কাউন্সিলর শওকত আটক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।
জানা যায়, গতকাল সোমবার রাতে খিলগাঁও এলাকায় এসবির পরিদর্শককে বিপক্ষ দলের সমর্থক ভেবে মারধর করেন কাউন্সিলর ও তার নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে গভীর রাতে খিলগাঁও থানায় পুলিশ নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করে।
পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া শওকত ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



আপনার মতামত লিখুন