চট্টগ্রামে মহিলা দলের দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের দুই গ্রুপের মধ্যে হটাৎ সংঘর্ষে মহিলা দলের মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশাসহ অন্তত ১০জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর কাজির দেউড়ি এলাকায় সমাবেশ ক্লাবে মহিলা দলের বাগমনিরাম ও জামাল খান ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা দলের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশাহ ও তার অনুসারীরা সভাস্থলে যাওয়ার পথে ক্লাবের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তারা বাঁশের লাঠি, কাঠের টুকরা নিয়ে একে অপরের ওপর হামলে পড়েন।
এ ঘটনায় আহত অন্যরা হলেন- নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান সভাপতি মরজিনা বেগম, খালেদা বেগম, জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান,নুরজাহান বেগম ও হাজেরা বেগম।
ফাতেমা বাদশাহ বলেন, মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনির অনুসারীরাই এ হামলা চালিয়েছে।
তবে, মনোয়ারা বেগম মনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি তো ওই এলাকাতেই ছিলাম না। আমি একজন ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ডের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, মহিলা দলের সম্মেলনে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে তার আগেই তারা সম্মেলন স্থল ত্যাগ করে। ঘটনার ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন