রাউজানে বিদ্যুৎ খুঁটির সাথে অটোরিক্সার ধাক্কা, স্কুলছাত্রের অবস্থা আশংকাজনক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎ খুঁটির সাথে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় গাড়ীর তিন যাত্রী আহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হযরত এয়াছিনশাহ সড়কের ভট্টপাড়া এলাকার ভাগ্যধন মাষ্টারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আমিরহাটের সব্জি বিক্রেতা আজিজুল হকের পুত্র, ট্যালেন্ট প্লাস কেজি স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র তানভীর (১০), এয়াছিন নগর মোহন তালুকদার বাড়ীর ফজল হকের পুত্র ইউনুচ মিয়া(৬০)ও মজাহারুল হক (৬৫)।
স্থানীয় লোকজন জানান, আমিরহাট বাজার থেকে সিএনজি অটো রিক্সা (নং-চট্টগ্রাম-থ-১২-৪২৮৫) যাত্রী নিয়ে কিছুদুর যেতেই সড়কের পার্শ্বের একটি বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগলে তিনজন আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন আহতাবস্থায় তিন জনকে রাউজানের গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় স্কুলছাত্র তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্কুল ছাত্রের পিতা আজিজুল হক জানান, গাড়িটির চালক রহমত আলীর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। অপেশাদার চালকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।


আপনার মতামত লিখুন