চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪ আহত ১৫
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় স্টার লাইন পরিবহনের পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিন পুরুষসহ এক নারী যাত্রী। এ সময় আরো ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত দশটার দিকে জেলার চকরিয়া বানিয়ারছড়া, হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছাকাছি মহাসড়কের পাশে ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো.আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাত এগারটার দিকে তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
অপরদিকে আহত সকল যাত্রীদেরকে চকরিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের ঝর্ণা বেগম (৩৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহত বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)।
চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে আহতদের পরিচয় জানা গেছে।


আপনার মতামত লিখুন