বালিয়াডাঙ্গীতে বস্তা ভর্তি লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইটভাটায় কর্মরত এক ট্রাক্টর শ্রমিককে হত্যার পর বাড়িতে বস্তায় ভরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাক্টর শ্রমিকের মা এ অভিযোগ করেন।
এর আগে ভোরবেলা বাড়ির পার্শ্বে একটি থ্রি-হুইলার (পাগলু) গাড়িতে করে ওই শ্রমিকের মরদেহ বাড়িতে ফেলে যায় ইটভাটার লোকজন।নিহত ট্রাক্টর শ্রমিক রিপন আলী (১৯) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মৃত নজরুল ইসলামের পুত্র। সে স্থানীয় দানেশ নামে এক ব্যক্তির ইট ভাটায় ট্রাক্টর শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত।
ট্রাক্টর শ্রমিকের মা আনোয়ারা বেগমের অভিযোগ বৃস্পতিবার ভোরবেলা তার ছেলেকে হত্যার পর বস্তায় ভরে বাড়ির পার্শ্বে ফেলে গেছে। পরে প্রতিবেশীরা খবর দিলে রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার জানায় সে অনেক আগেই মারা গেছে। এর আগে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল রিপন। সারাদিন বাড়িতে ফিরেনি।
তবে এটি হত্যাকাণ্ড নয়, সড়ক দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ইটভাটার মালিক দানেশ আলী। তিনি জানান, বুধবার গভীর রাত্রে ট্রাক্টরের খড়ি আনার সময় সদর উপজেলার ভেলাজান নামক স্থানে প্রতিবন্ধী স্কুলের সামনে ট্রাক্টর উল্টে খড়িতে চাপা পড়ে রিপন ও আল আমিন। দুজনকে বাচানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে রিপন মারা যায়। তবে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল তার কথা বিস্তারিত জানাতে পারেন নি ইটভাটার এই মালিক।রিপনের মায়ের অভিযোগকে তিনি সাজানো হিসেবে দাবি করে জানান, বস্তায় মুড়ে তার লাশ ফেলে যাওয়া হয়নি। মারা গেছে এ জন্য পাগলুতে করে রিপনের লাশ বাড়িতে রেখে আসা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক ইসাহাক আলী জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। সড়ক দুর্ঘটনার একটি প্রসঙ্গ উঠেছে ঘটনায়। পুলিশ ওই ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষেই প্রকৃত ঘটনা বলা যাবে।এ ঘটনায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরেক ইটভাটা শ্রমিক আল আমিন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার জ্ঞান এখনও ফিরেনি।


আপনার মতামত লিখুন