রাউজানে পাহাড়ি কাঠ পাচার : ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনকে অর্থদণ্ড
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পাহাড়ী এলাকা থেকে কাঠ কেটে পাচারকালে রাউজানে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন কদলপুর ইউনিয়ের শমশের পাড়া গ্রামের গাছ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল ও গাড়ির মালিক রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের পূর্বদিকে পাহাড়ি এলাকায় গাছ কেটে গাড়ী করে পাচারকালে কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি (জীপ) আটক করা হয়। এ সময় কাঠ পাচারের দায়ে ২৯১ দন্ডবিধি মোতাবেক গাড়ি মালিক ও কাঠ ব্যবসায়ী উভয়কে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, কদলপুরে ইউনিয়নের পূর্ব প্রান্তে কাউখালী সীমান্তে পাহাড়ি এলাকায় গাছ কেটে বন উজাড় করে চলেছেন বনখেকোরা। এই সব গাছ জ্বালানি কাঠ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটাগুলোয় পাচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন