চবির এ এফ রহমান হলে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ এফ রহমান হলের প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এ কমিটি গঠন করেন। সেই সাথে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১১ মার্চ)বিষয়টি নিশ্চিত করে খসরুল আলম কুদ্দুসী বলেন, ‘হল ভাঙচুরের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেনকে আহবায়ক ও আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।’
উল্লেখ্য যে, গত ৬ মার্চ এক কর্মীকে মারধর করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের সাথে কনকর্ড ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
এ সময় ছয় রাউন্ড ফাঁকা গুলি, পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের কর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ৮৭টি রুম ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা।


আপনার মতামত লিখুন