ভারতে ‘জনতা কারফিউ’ জারি
ভারতে করোনা ভাইরাস ঠেকাতে আগামী রোববার (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯ট পর্যন্ত ‘জনতা কারফিউ’ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নাগরিকদের এই কারফিউ মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া ১৫ মিনিটের এক ভাষণে মোদি এ আহ্বান জানান।
বক্তব্যে করোনাকে আন্তর্জাতিক সংকট এবং পরবর্তী ভারতসহ গোটা বিশ্বে অর্থনৈতিক সঙ্কট তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও মন্তব্য করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, এই জনতার কারফিউ পালনের আগে এখন থেকেই প্রত্যেক ব্যক্তি ন্যূনতম ১০ জনকে ফোন করে এই বার্তা প্রেরণ করবেন এবং তাদেরও এই কারফিউতে শরিক হওয়ার আহ্বান জানাবেন।
মোদি বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করি যে দেশে দুধ, খাদ্য, পানীয়, ওষুধ, জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলির যাতে কোনো অভাব না হয় তার জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনাভাইরাস যে পরিমাণ সংকট গোটা বিশ্বে ছড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে প্রতিবেশী কোনো দেশ কিংবা এক দেশ অন্য দেশকে সাহায্য পর্যন্ত করতে পারছে না। কারণ প্রত্যেকটি দেশেই করোনা সংকটে ভুগছে। তাই ভারতীয় প্রত্যেক নাগরিককে তিনি করোনাভাইরাস মোকাবেলায় এই জনতা কারফিউ পালনের মাধ্যমে দেশজুড়ে সচেতনতা তৈরীর আহবান করেন।
ভারতে বেশ কয়েকদিন ধরে করোনা পরিস্থিতি অবনতির দিকে। দেশটিতে এ পর্যন্ত ১৭১ জন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এছাড়া মারা গেছেন অন্তত চারজন।
তবে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন কোনও রোগীর সন্ধান মেলেনি। এখন পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যাে একজন। কলকাতাসহ গোটা রাজ্যের রাস্তাঘাটা প্রায় ফাঁকা। আজ থেকে কোনও হাসপাতালে রোগীর স্বজনদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে, আজ দুবাই থেকে সবশেষ ফ্লাইটে কলকাতা পৌঁছান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকে। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন।


আপনার মতামত লিখুন