চমেক হাসপাতালের আইসোলেশনে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে যুবকের মৃত্যু
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবক মারা গেছে।
জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বানিন্দা মৃত আবুল কালামের ২২ বছর বয়সী ছেলে শরীফ মোহাম্মদ।
হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ভাইরাস সন্দেহে রোগীকে হাসপাতালটির করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। রবিবার রাতে হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, শ্বাসকষ্টজনিত রোগে শরীফের মৃত্যু হয়েছে। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে রবিবার রাতেই আমরা ওই এলাকায় গিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় বিআইটিআইডি থেকে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন