চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : আইন না মানায় ৭৪ মামলা
২৪ ঘণ্টা ডট নিউজ :::: চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৪টি মামলায় ১লাখ ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ১০ জন ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৮ এপ্রিল) দিনভর মহানগরের বিভিন্ন থানা এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, জনসচেতনতা তৈরি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসময় নগরীর আগ্রাবাদে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামে। আন্দোলনকারী পোশাক শ্রমিকদের দাবীর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তাদের বাড়ি পাঠানো হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। তিনি ৩ টি মামলায় ১২শত টাকা জরিমানা করেন।
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলায় ৪০হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।
চাঁন্দগাও, চকবাজার ও বাকলিয়া আদালত পরিচালনা করে ৯শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।
সদরঘাট, কোতোয়ালি ও ডবলমুরিং এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলায় ৫হাজার ৪শত টাকা জরিমানা করেন।
আকবর শাহ, বিশ্বকলোনী, রেলগেইট, অলংকার, কর্নেলহাট, হালিশহর ও পাহাড়তলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ টি মামলায় ১৩হাজার ৫শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়া এলাকায় আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরি।
তিনি জানান, “মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পিঁয়াজ, রসুন ও আদা বিক্রয়ের অপরাধে আলম স্টোরকে ২হাজার, লিয়াকত স্টোরকে ৪হাজার, ফুডল্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ৩হাজার, আমিন ডিপার্টমেন্টাল স্টোরকে ২হাজার এবং ফ্যামিলি ফুডসকে ২হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চকবাজার ও চন্দনপুরা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় একটি রংয়ের দোকানকে ১হাজার, একটি টেইলরের দোকানকে ৫শত, একটি লন্ড্রি দোকানকে ৩শত ও একটি গাড়ির গ্যারেজকে ৫শত টাকাজরিমানা করা হয়। সামাজিক দূরত্ব না মানায় চকবাজার ও বহদ্দারহাট মোড় ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ৮ জন মোটরবাইক চালককে ৪হাজার ৪শত ও একজন সিএনজি চালককে ২শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”
বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ থানাধীন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ৬ টি মামলায় ৯হাজার ৫শত টাকা জরিমানা করেন।
বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানাধীন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান ২ টি মামলায় ৮হাজার টাকা জরিমানা করেন।
কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং থানাধীন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক ৬ টি মামলায় ২হাজার ৪শত টাকা এবং ম্যাজিস্ট্রেট আবুবক্কর সিদ্দিক হালিশহর, পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় ১০টি মামলায় ৪হাজার ৩শত টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন