দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ব্যবস্থা চালু
ঢাকা-পটুয়াখালী রুটের বিলাস বহুল ডাবল ডেকার লঞ্চে করোনার প্রকোপ মোকাবিলায় দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিট চালু করা হয়েছে।
এ ইউনিট চালু করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। ঢাকা-নারায়ণগঞ্জ থেকে নদী পথে পালিয়ে আসা মানুষদের এই ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে রাখা হয়েছে।
বিলাস বহুল ডাবল ডেকার লঞ্চে চারটি ভিআইপি কেবিনসহ রয়েছে একশ ১২টি কেবিন। আরো রয়েছে আলাদা বাথরুম, ডাইনিং ও ক্যান্টিনের সুবিধা।
গত ২৪শে মার্চ থেকে এরকম সুবিধা সম্পন্ন চারটি লঞ্চ নোঙ্গর করা রয়েছে পটুয়াখালী নদী বন্দরে।
করোনার ভয়াবহতা মোকাবেলায় ১৪ই এপ্রিল এ আর খান লঞ্চকে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ঘোষনা করে প্রশাসন। এখানে সার্বক্ষনিক একজন ম্যাজিষ্ট্রেট, ডাক্তার, নার্স, পুলিশ মোতায়েন করা হয়েছে। দেয়া হয়েছে পর্যাপ্ত পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস।
তবে লঞ্চের কর্মচারীদের ভূমিকা কি হবে তা মালিক বা প্রশাসন কোন পক্ষই নিশ্চিত না করায় তারা রয়েছেন শংকার মধ্যে।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক ও বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান, প্রাথমিক ভাবে একটি লঞ্চকে কোয়ারেন্টিন ঘোষনা করা হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে আরো লঞ্চ কোয়ারেন্টিনের জন্য ব্যবহার করা হবে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, এক সাথে যাতে বেশী লোককে সুবিধা দেয়া যায় সে বিবেচনা থেকেই ভাসমান কোয়ারেন্টিন করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী জানান, নদী পথে অনেক মানুষ পটুয়াখালীতে আসায় ভাসমান কোয়ারেন্টিনের ব্যাবস্থা করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন