সাতকানিয়ায় নতুন উপজেলা চেয়ারম্যান মোতালেব
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম.এ মোতালেব। সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে তিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এম.এ মোতালেব পেয়েছেন ৬৩৫৭৩ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আবদুল গফফার চৌধুরী পেয়েছেন ৬৯৮৪ ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোনায়েম মুন্না মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১০২৪ ভোট।
সাতকানিয়া উপজেলা পরিষদের রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলাফল ঘোষণার আগে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গণমাধ্যমে ঘোষণা দিয়ে ভোট বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফফার চৌধুরী। তিনি ভোট চলাকালে ভোটকেন্দ্রে বিভিন্ন কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১২৫ টি ভোট কেন্দ্রে সোমবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯৪ জন।
ভোট কেন্দ্রে ১২৫ জন প্রিসাইডিং অফিসার, ৭০১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৪০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন।
১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৫টি কেন্দ্রে ৭০১টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অন্যান্য কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। নির্বাচনে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহল টিম কাজ করেছে।


আপনার মতামত লিখুন