দেশে সবচেয়ে লম্বা, বিশ্বে ২য় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী মারা গেছে
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে লম্বা ও বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী আর বেঁচে নেই।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)
কক্সবাজারের বাসিন্দা জিন্নাত তুরস্কের সুলতান কোশেনের পরেই বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি ছিলেন। জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন।
জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই ইলিয়াস আলী। তিনি বলেন, মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন জিন্নাত। সোমবার রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চমেক হাসপাতালের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, নিউরো-সার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না জিন্নাত আলীর। তার মস্তিস্কে টিউমারটি এতোই বড় ও জটিল অবস্থায় ছিল যে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব ছিল না। আর জ্ঞান ফেরেনি তার।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীর চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।
২৪ ঘণ্টা/আর এস পি


আপনার মতামত লিখুন