নারায়ণগঞ্জে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নতুন ৩জনসহ ৩০ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : প্রাণঘাতী করোনা ভাইরাসে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ৬৯৯ জন আক্রান্ত হয়েছেন দেশের হটস্পট নারায়ণগঞ্জে।
এরমধ্যে নতুন করে আরো তিন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে।
খানপুর ৩’শ শয্যার এ হাসপাতালটিতে এ নিয়ে মোট ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটি নতুন করে আরো তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে গেছেন।
ডা. শামসুদ্দোহা সরকার বলেন, এর আগে তত্ত্বাবধায়ক, ডাক্তারসহ ২৭ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। সব মিলিয়ে এখন করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাড়িয়েছে ৩০।
তিনি গণমাধ্যমে আরো বলেন, আমরা নতুন টিম ও বিকল্প ব্যবস্থায় হাসপাতালের সেবা কার্যক্রম পুরোদমে চালু রেখেছি। বর্তমানে ৪৩ জন কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর সূত্রে জানা গেছে হটস্পট নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন ৭৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৬৯৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ২২৬৩ জনের নমুনা সংগ্রহ করে ৬৯৯ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জে ৪২ জন মৃত্যু বরণ করেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে।
উল্লেখ্য : খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন