প্লাজমা থেরাপি নিয়েছেন এ কে আজাদ
বিশিষ্ট শিল্পপতি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন।
করোনাজয়ী এক চিকিৎসকের কাছ থেকে সংগ্রহ করা প্লাজমা গত ২০ মে একে আজাদের শরীরে দেয়া হয়েছে বলে ঢাকা মেডিকেলের একটি সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢামেকের সূত্রটি জানায়, গত ১৬মে ঢাকা মেডিকেলে করোনাজয়ী দুইজন চিকিৎসকের প্লাজমা সংগ্রহ করা হয়। তার মধ্যে একজনের প্লাজমা একে আজাদের শরীরে দেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তার শরীরে প্লাজমা দেয়া হয়। এখন তিনি বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে একে আজাদের ব্যক্তিগত সহকারী মো. নজরুল বলেন, তিনি (এ কে আজাদ) একটু অসুস্থ, এখন বাসাতেই আছেন।
এ কে আজাদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি তিনি।
হা-মীম গ্রুপ দেশে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অন্যতম বড় বৃহৎ গ্রুপ।
এই গ্রুপের ব্যবসা এখন ছড়িয়ে আছে বস্ত্র, প্যাকেজিং, পাট, চা, রসায়ন, পরিবহনসহ বিভিন্ন খাতে। আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক।
বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪ এবং দৈনিক সমকাল আজাদের মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের দুটি প্রতিষ্ঠান। তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন তিনি।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন