করোনার কাছে হেরে গেলেন সিএমপির ডিসি মিজানুর
মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) ভোররাতে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান বলে সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান।
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, এ পর্যন্ত করোনায় চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচ সদস্যের মৃত্যু হলো। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে করোনায় এই প্রথম কোনো পুলিশ সদস্য মারা গেলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৮ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত ৩টা ৪১ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা করোনা প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ন ছিলেন তিনি। চট্টগ্রামের আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন