হাটহাজারীতে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ : হত্যার পর লাশ গাছে ঝুলিয়েছে দাবি পরিবারের
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাড়ির পাশের আম গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রি আনিসুর রহমান (১৯)’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা এলাকার নওশাপাড়া মিয়া মেম্বারের বাড়ির পাশের একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান ওই বাড়ির মনসুরের পুত্র।
লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করছে তাকে কেউ হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য গলায় রশি বেঁধে আম গাছের সাথে ঝুঁলিয়ে রেখেছে।
নিহত আনিসের পরিবারের সদস্যরা জানিয়েছেন ২১ অক্টোবর আনিস রাজমিস্ত্রী কাজে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তার অপেক্ষায় গভীর রাত পর্যন্ত বসে থেকে অবশেষে ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন।
সকালে আনিসের পিতা গোসলের জন্য পুকুর ঘাটে যাওয়ার পথেই তার ছেলেকে আম গাছের ঢালে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় আনিসের মরদেহ উদ্ধার করে।
নিহতের মা দিলওয়ারা বেগম জানিয়েছেন, তার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশ্ববর্তীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারা মিথ্যে মামলা দিয়ে আমাদের পরিবারের বিভিন্ন সদস্যদের হয়রারনি করছে।
গত এক বছর আগেও পরিবারের সাত সদস্যকে আসামি করে একটি ডাকাতি মামলা দিলে ওই মামলায় নিহত আনিস আটদিন জেলও খেটেছেন। একই মামলায় গত ১ অক্টোবর সে হাজিরাও দিয়েছেন নিহত আনিস। নিহতের পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে আনিসকে কেউ হত্যা করে লাশটি গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আনিসের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করছি। তবে নিহতের পরিবারের বিভিন্ন অভিযোগের সূত্র ধরে এবং মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন