খুঁজুন
, ,

সুবিধা বঞ্চিত নগরবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 19 August, 2020, 8:40 pm
সুবিধা বঞ্চিত নগরবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে-সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন দরিদ্র ও সুবিধা বঞ্চিত নগরবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন। মানুষের অসহায় মুহুর্তে একজন ডাক্তারই পারেন মানুষের মুখে হাসি ফুটাতে। একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়া- এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ।

আজ অপরাহ্নে চসিক নগরভবনের সম্মেলন কক্ষে চসিক স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রশাসক একথা বলেন।

তিনি বলেন, আমাদের উন্নত চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী নগরীতে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভতুর্কি দিয়ে চসিকের আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছিলেন। এতে মানুষ আশাজাগানিয়া সুফল ভোগ করেছে। কিন্তু কালস্রোতে তা ধ্বংসের দিকে বিবর্তিত হয়েছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমার যতটুকু আছে তা উজাড় করে চসিক স্বাস্থ্যসেবার সুনাম ফিরিয়ে আনবো।

তিনি কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিস্ট সকলকে আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিতের পরামর্শ দেন। এসময় প্রশাসক কাজে গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর হওয়ার বার্তা দিয়ে বলেন, চসিক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা নিশ্চিত করার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তাই ভর্তুকি দিয়ে হলেও নগরবাসীর সেবা অব্যহত রাখতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র টাকার জন্য যারা এ চিকিৎসা পেশায় নিয়োজিত হন তারা অমানুষ বলে গণ্য হবেন। ডাক্তারদের উপলব্দি করা উচিত যে মানুষ পথ সৃষ্টি করে পথ কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেনা।

তিনি বন্ধরটিলা হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তের জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে।

তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন এই শহরের মানুষকে আপনাদের কাছে আসতে আগ্রহী করে তুলুন। তারা যেন সেবা পায় সেটাই আপনাদের কাছে আমার কাম্য। আপনাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষকে মমতা ও স্নেহ এবং সুন্দর ব্যবহার দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রাসাশকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী,স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, ইনচার্জ ডা. নাসিম ভুঁইয়া, ডা. আশিষ মুখার্জি, ডা.ইশরাত জাহান, ডা. তৌহিদুল আনোয়ার খান, জোনাল মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

চসিক প্রশাসক সকাশে শ্যামল কুমার নাথ
চট্টগ্রামের সড়ক যানজট মুক্ত রাখার আহবান চসিক প্রশাসকের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপররূপ লীলাভুমি এই চট্টগ্রাম। পাহাড়,সমুদ্র ও সবুজ এই নগরকে করছে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষনীয় স্থান। কিন্তু বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও সড়ক সমূহের করুন দশায় এই অর্জন ম্লান হতে চলেছে। এথেকে উত্তোরনে চাই সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা।

আজ সকালে টাইগারপাস্থ চসিক নগরভবনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করতে আসলে প্রশাসক এসব কথা বলেন।

তিনি ট্রাফিক পুলিশকে আরো আন্তরিকতার সাথে চট্টগ্রামের রাস্তাঘাটে যানজট মুক্ত রাখার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ তাঁদের নিজকর্মগুনে আপামর জনসাধারনের মনে জায়গা করে বন্ধুত্বপূর্ন সম্পর্কে আইনশৃংখলা বজিয়ে রেখেছে। সেই সাথে সুনাম কুড়িয়েছে মানবিক পুলিশের খ্যাতিতে। আমরা লক্ষ্য করেছি বৈশ্বিক করোনা মহামারিতে বাংলাদেশের পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতায় দেশের সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ পুলিশ বিশ্বে অদ্বিতীয়।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(পশ্চিম) জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) সুত্র ধর, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(উত্তর) মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

এসময় তাঁরা নগরীতে ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসকের সহযোগিতা কামনা করে বলেন, নগরীতে ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনতে অতিরিক্ত বর্ষনের কারনে সড়কে খানা-খন্দকের সৃস্টি হয়েছে তা মেরামত, বাস টার্মিনাল না থাকার কারনে যত্রতত্র গাড়ী পার্কিং এর দরুন যে যানজট সৃষ্টি হচ্ছে এ থেকে পরিত্রানের জন্য বাস টার্মিনাল স্থাপনের জন্য প্রশাসকের কাছে অনুরোধ জানান।

এছাড়াও জব্দকৃত অবৈধ গাড়ী সমূহ ডাম্পিং করার জন্য ডাম্পিং স্টেশন তৈরীসহ পোর্ট এক্সেস রোড(টোল রোড)-এ দূর্ঘটনা এড়াতে পর্যাপ্ত সড়ক বাতি লাগানো ও আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের সামনে রোড ডিভাইডার স্থাপনের অনুরোধ জানালে প্রশাসক অতি সহসায় এসব বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্থ করেন।

চসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে
ইসলামিক আরবিক ইউনিভার্সিটির ভিসি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটিই দেশের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ। বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয়ে দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী-শিক্ষকের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। এছাড়া সারা বাংলাদেশে দাখিল,ফাজিল,স্নাতক,অনার্স-মাষ্টার্স সহ যুযোপযুগি সব শিক্ষা ব্যবস্থা দিয়ে চালু রেখেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

আজ সকালে চসিক নগরভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আহসান উল্লাহ সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

এসময় উভয়ে বাংলাদেশের মাদ্রসাগুলোতে উন্নত পাঠদান ও উচ্চ শিক্ষা ব্যবস্থা চালু করন,শিক্ষকদের মানউন্নয়ন,ডিজিটাল পাঠদান পদ্ধতি চালুকরণ বিষয়ে আলাপ আলোচনা করেন।

ভিসি প্রফেসর ড.আহসান উল্লাহ বলেন, আমরা বিশ্ববিদ্যায়ে আন্তর্জাতিক মান বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় একাডেমিক উন্নতি ও ভৌত অবকাঠামো উন্নতি করনের লক্ষ্যে প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।’

চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত
অবৈধ পার্কিং দায়ে জরিমানা আদায়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর পোর্ট কানেকটিং রোডের সাগরিকা মোড় থেকে নয়া বাজার পর্যন্ত রাস্তার উপর অবৈধ ভাবে গাড়ী পার্কিং করে রাস্তার চলমান উন্নয়ন কাজে বাধা সৃষ্টির দায়ে ০৭ টি কভারভ্যান/ট্রাককে পনের হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত সড়কে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 9:11 am
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস।

এর মধ্যে গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা, যা নিলাম রাজস্বে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির চিত্র তুলে ধরে। একই সঙ্গে এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য সরানোর পাশাপাশি সরকারের রাজস্বও বাড়ছে।

কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে এবং নিলামের উপযোগী নয়-এমন পণ্য ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আয় হয়।

২০২২ সালে ৪২টি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে আয় হয় ১৩০ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে রাজস্ব আসে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

২০২৪ সালে ৫৫টি নিলামের মাধ্যমে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা আয় হয়। ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে আয় হয় ১২৭ কোটি ৬৭ লাখ টাকা।

চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি অনলাইন ও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা আয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিলাম ব্যবস্থাপনা, পণ্যের তালিকা প্রস্তুত (ইনভেন্টরি) এবং নিলামকৃত পণ্য বুঝিয়ে দেওয়ার কাজে তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে, যা এত স্বল্প সময়ে নিলাম থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি রেকর্ড।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিলাম করা পণ্য বিক্রি থেকে রাজস্ব আয়ও বেড়েছে।’

তিনি আরও জানান, নিলামের উপযোগী নয়-এমন পণ্য সরিয়ে বন্দরের ইয়ার্ড খালি করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 8:34 am
ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিক হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এই ঘটনার বিবরণ দেন।

অভিনেত্রী জানান, ইতালির একটি স্থানীয় পার্কে তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল ব্যক্তি হুট করে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে কোল্ড ড্রিংকস (কোক) ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তা ছাড়া তার হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। বাঁধন দাবি করেন, আক্রমণকারীরা তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে এবং পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। পুরো সময় জুড়ে তার সঙ্গে অত্যন্ত গালমন্দ ও অসংগত আচরণ করা হয়।

ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘‘আমার গায়ে হাত তোলা হয়েছে এবং আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন ও সহিংস আচরণ থেকে বের হয়ে আসা উচিত। এভাবে উদ্দেশ্য হাসিল বা নিজেদের অবস্থান ফেরানো সম্ভব নয়।’’

ভিডিওটিতে তিনি সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়ে বলেন, ‘‘সজীব ওয়াজেদ জয় নিজেও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। আশা করি আপনারা বিষয়টি তার কাছে পৌঁছে দেবেন।’’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করছে এবং বারবার তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আজমেরী হক বাঁধন বর্তমানে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 9:10 pm
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ ও পাহাড়ের ঢালে নির্মাণকাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশকর্মী শফিক আহমেদ এবং পুলিশ ফোর্সের সমন্বয়ে এ পরিদর্শন পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড়, আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড় এবং উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড়ের ঢালে কিছু দেওয়াল সদ্য নির্মিত অবস্থায় পাওয়া যায়। পাহাড়ের ঢালে এ ধরনের দেওয়াল নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভূমি মালিককে ৭ সেপ্টেম্বর সকালে নোটিশ প্রদান করা হয়েছে। তবে রাতের সরেজমিন পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকে পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

এছাড়া আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় পরিদর্শনকালে পাহাড় কাটার কোনো আলামত পাওয়া যায়নি। পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকেও পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড় পরিদর্শনকালে কোনো ব্যক্তিকে পাহাড় কাটতে দেখা যায়নি। তবে নির্মাণস্থলের ভূমির শ্রেণি ‘ছনখোলা’ বা ‘নাল’ নাকি পাহাড়—তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর পাহাড় ও পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে। পাহাড় কাটার অভিযোগ বা পরিবেশবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।