ওয়্যার হাউজে অবৈধ মদ ও ফেনসিডিল
ক্যাসিনোতে মাদক সরবরাহের অভিযোগে রাজধানীর গুলশানের একটি মদ সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সর্ব সাধারণের কাছে বিক্রি নিষিদ্ধ এমন হুইস্কি, বিদেশি মদ ও ফেনসিডিলের অতিরিক্ত মজুদ পেয়েছে র্যাব।
র্যাব জানায়, এসব মদ কূটনীতিকদের কাছে বিক্রির অনুমতি থাকলেও তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করত।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর সড়কের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক নামের ওয়্যার হাউজে এ অভিযান শুরু করে র্যাব।
রাত ১২টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুদ রেখেছিল এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এছাড়া এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো। অভিযানে প্রায় শতাধিক বোতল ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
সারওয়ার আলম আরো বলেন, ‘ওয়্যার হাউজটি থেকে অনুমোদন সাপেক্ষে ডিপলোমেটরা কাগজপত্র দেখিয়ে পরিমাণ মতো অ্যালকোহল কিনতে পারেন। দিনের নির্দিষ্ট সময়ের পর এটি বন্ধ থাকবে। একজন কাস্টমস কর্মকর্তা সিলগালা করে রাখবেন। পরেরদিন আবার খুলবেন। এখানে কি পরিমাণ স্টকস থাকবে তাও রেজিস্ট্রারে লেখা থাকবে। তবে গুলশানের এই ওয়্যার হাউজে যে কক্ষে অনুমোদিত অ্যালকোহল থাকার কথা সে কক্ষে ছিল না। কক্ষের বাইরেও অনেক মদ, বিয়ার পাওয়া গেছে। এমনকি ফেনসিডিলও পাওয়া গেছে। যা অপরাধ। তাই মাদক আইনে মামলা হবে।


আপনার মতামত লিখুন