খুঁজুন
মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য বিভাগের জনবান্ধব কর্মসূচি 

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৫:১২ অপরাহ্ণ
ঝালকাঠির চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য বিভাগের জনবান্ধব কর্মসূচি 
ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য বিভাগের জনবান্ধব কর্মসূচি, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে খাদ্য বিভাগের জনবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে।
ঝালকাঠি পৌর এলাকায় ৩০টাকা কেজি দরে ভোক্তা পর্যায়ে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করছে খাদ্য বিভাগ। চালের বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা খাদ্য বিভাগ পৌর এলাকায় ১০ জন ডিলার নিয়োগ করে তাদের মাধ্যমে সপ্তাহের শুক্রবার ব্যতীত অন্য ৬দিন এ কর্মসূচি চালু রেখেছে। প্রতিদিন ১জন ডিলার ১টন করে চাল বিক্রি করবে এবং পরের দিন একটন করে আটা বিক্রি করবে।
এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে ডিলাররা এই চাল ও আটা বিক্রি করছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃতারভির হোসেন জানান, অক্টোবর মাসে পৌর এলাকায় উক্ত ডিলাররা ১২৫ মে.টন চাল ও ১৩০ মে.টন আটা বিক্রি করবে। এছাড়া ঝালকাঠি পৌর এলাকায় করোনাকালীন সময়ের মধ্যে ২মাস ১০টাকা কেজি দরে ৯ হাজার কার্ডধারী সুবিধা ভোগীদের ২০ কেজি করে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করেছে সরকার। তবে, বর্তমানে পৌর এলাকায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ রাখা হয়েছে। কিন্তু জেলার ৪টি উপজেলার গ্রামীণ জনপদে প্রান্তিক পরিবারগুলোকে ১০টাকা কেজি দরে চাল বিক্রি চলমান রয়েছে। ঝালকাঠি জেলায় ৪টি উপজেলায় ৩০ হাজার ৭৬৪টি পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। সরকার ৪১ টাকায় মিল থেকে চাল কিনে ভর্তুকি দিয়ে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করছে।
ঝালকাঠি সদর উপজেলায় ৭২০০টি পরিবার, নলছিটি উপজেলায় ১১০৮২টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮৫৭৬টি পরিবার ও কাঁঠালিয়া উপজেলায় ৩৯০৬টি পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত। এরা প্রতিমাসে ১০টাকা কেজি দরে ৩০ কেজির প্যাকেট চাল কিনতে পারছেন। জেলায় এ খাদ্য বন্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ইউনিয়ন ভিত্তিক ৬৩জন ডিলার নিয়োগ করা হয়েছে। সদর উপজেলায় তালিকাভুক্ত ১৩জন ভোক্তার মৃত্যুর কারণে তাদের চাল বিতরণ স্থগিত রয়েছে। কমিটি নতুন করে এই ১৩ জনের তালিকা প্রদান করবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Feb2

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা ৩ জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা, টাংগাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদনের পথ উন্মুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং শুরু হওয়ার পর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এই কার্যক্রমের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “জ্বালানি লোডিং দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সব প্রস্তুতি শেষ হয়েছে, এখন আমরা উৎপাদনের পথে এগোচ্ছি।”

জ্বালানি লোডিং অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, আইএইএ প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান শৌকত আকবর বলেন, “ইউরেনিয়াম লোডিং প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমেই ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা চেইন রিঅ্যাকশনের সূচনা ঘটে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি।”

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানান, ইতোমধ্যে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়ে অপারেটিং লাইসেন্স পেয়েছেন। ধাপে ধাপে প্রকল্পের দায়িত্ব দেশীয় বিশেষজ্ঞদের হাতে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পে দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ হবে এবং ব্যয়বহুল আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমবে।