বোয়ালখালী পৌরসভার ই-টেন্ডারে অনিয়মের তদন্ত চান ঠিকাদাররা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩ কোটি টাকার দুই প্রকল্পের ই-টেন্ডারের অনিয়মের তদন্ত চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদাররা।
সোমবার (১৯ অক্টোবর) ডাক যোগে রাজধানীর আগারগাঁও এলজিইডি সদর দপ্তরে ভুক্তভোগী ঠিকাদারদের সম্মিলিত স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুদ্দিন খালেদ।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক যথাযথ নিয়ম মেনে বোয়ালখালী পৌরসভার দুইটি প্রকল্পের একটিতে ২৩ জন ও ২৫ জন ঠিকাদার অংশ নেন।
গত ১৫ অক্টোবর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানান যে, দুই প্রকল্পের লটারি সমাপ্ত হয়ে গেছে। মেসার্স শারমিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজ দুইটি ভাগিয়ে নিয়েছে।
পরবর্তী খোঁজ নিয়ে জানা যায়, কোনো লটারি হয়নি, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান অর্থের বিনিময়ে অন্য কোনো ঠিকাদারকে লটারিতে অন্তর্ভুক্ত না করে মেসার্স শারমিন এন্টারপ্রাইজকে দুই প্যাকেজে বিজয়ী ঘোষণা করেছেন।
এ অবস্থা চলতে থাকলে আগামীতে কোনো ঠিকাদার টেন্ডারে অংশ নেবে কি না সন্দেহ প্রকাশ করে চিঠিতে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে।
এছাড়া একই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরেও ডাক যোগে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠিকাদাররা।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন