করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬২১৫ জন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে বিভিন্ন বিভাগ- ঢাকা ১৩ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে একজন এবং রংপুর ৩ জন রয়েছেন।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন