যশোর শহরে সব ওষুধের দোকান বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৭:১২ রাত
যশোর শহরে সব ওষুধের দোকান বন্ধ

নিলয় ধর, যশোর প্রতিনিধি: যশোরের ওষুধ ব্যবসায়ীরা রবিবার ভোর থেকে তাদের ফার্মেসি বন্ধ করে দিয়েছেন। দুই জন ওষুধ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। আটক দুজনের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন।অবশ্য পুলিশ বলছেন, তাদের কাছ থেকে নকল ওষুধ পাওয়া গেছে বিধায় আটক করা হয়েছে।

পুলিশ জানান, ২১ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে পুলিশ শহরের জেলরোড এলাকা থেকে কাশেমপুর সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন হাউজ থেকে ১৪৩ পিস নকল মনটেয়ার-১০ ট্যাবলেটসহ দোকানের মালিক ইব্রাহিম সরদার (৩৭) আটক করা হয়েছে। এরপর তার দেয়া তথ্য মতে, মাইকপট্টি এলাকার জমজম ড্রাগ হাউজ থেকে ১০টি মনটেয়ার-১০ ট্যাবলেটসহ ফার্মেসির মালিক জহিরুদ্দিন সুইটকে (৪২) আটক করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা নম্বর- ৬৯/২১.১১.২০২০ করেন।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল বলেছেন, আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছি। যশোরের ডিসিকে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে। তার সঙ্গে আলোচনার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

তিনি বলেছেন, কোনও ফার্মেসিতে যদি নকল ও ভেজাল ওষুধ থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করতে পারে। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে এটি নকল ওষুধ। কেননা আমরা কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে সেগুলো বিক্রি করি।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নকল ওষুধ বিক্রি করলে পুলিশ তো তাদের আটক করবেই। এতে যদি তারা ধর্মগট করে তাহলে কীইবা বলার আছে।

Feb2
Feb2