খুঁজুন
, ,

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকা দেয়ার পর সাত বছরের শিশুর মৃত্যু !

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 27 December, 2020, 9:24 pm
লোহাগাড়ায় হাম-রুবেলা টিকা দেয়ার পর সাত বছরের শিশুর মৃত্যু !

এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান মকবুল সিকদার পাড়ায় হাম রুবেলা টিকা দেয়ার পর পরই সাত বছরের এক কন্যা শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু নাওরাত হানিফ(৭) ওই এলাকার মো. হানিফ চৌধুরী শিমুলের মেয়ে বলে জানা গেছে।

রবিববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার। সারা দেশের ন্যায় একযোগে লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়।

নিহতের মা রাবেয়া বেগম বলেন, টিকা দেয়ার পর পরই আমার মেয়ে নাওরাত পাশে এসে মাথা ঘুরছিল বলে মাটিতে পড়ে যায়। এর পরপরই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সে। আমার সন্তানকে তারা ইচ্ছে করে হত্যা করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চান।

এদিকে, নাওরাত জন্ম হওয়ার আগে বিদেশ পাড়ি দিয়েছিল হানিফ চৌধুরী শিমুল। ২ কন্যা সন্তানের জনক তিনি। গত ১৫ ডিসেম্বর দেশে আসেন। ২ সপ্তাহ যেতে না যেতে দেখতে হল সন্তানের লাশ। সন্তান হারিয়ে নির্বাক হয়ে বসে আছে বাড়ির এক কোণায়।

প্রবাসী শিমুল জানান, টিকা দেয়ার পর সন্তান অসুস্থ হওয়ার খবর জেনে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে লোহাগাড়া সদরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, টিকা দেয়ার পরপরই নাওরাত মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই টিকা প্রদানকারী স্বাস্থ্য পরিদর্শক জেবুন্নিছাসহ তিনজন ঘটনাস্থল থেকে সরে যেতে চাইলে স্থানীয়রা টিকা কেন্দ্র ঘিরে রাখেন।

ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশের এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শামসুল আলম চৌধুরী চেয়ারম্যান বাড়িস্থ টিকাদান কেন্দ্রে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে টিকা প্রদান করেন স্বাস্থ্য পরিদর্শক জেবুন্নিছা। এসময় উপস্থিত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা চৌধুরী ও পরিবার কল্যাণ সহকারী ঝর্ণা রাণী দাশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: জাহেদুল ইসলাম।

নিহতের চাচা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাম-রোবেল টিকা দেয়ার পর আমার ভাতিজি নাওরাত অসুস্থ হলে স্বাস্থ্য কর্মীদের জানানো হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিতে বলেন। তবে কোন প্রকার এন্টি ভ্যাকসিন নাই বলে সাফ জানিয়ে দেন। তবে, কেন এন্টি ভ্যাকসিন ছিলাে না এমন প্রশ্ন রাখেন পরিদর্শনে আগতদের। তিনি স্বাস্থ্য কর্মীদের অবহেলার কারণে তার ভাতিজি মারা গেছে বলে জানান।

স্বাস্থ্য পরিদর্শক জেবুন্নিছা বলেন, সাড়ে ১০টার দিকে টিকা প্রদান করি। কিছুক্ষণ পরে জানতে পারি টিকা প্রদানের পর নাওরাত হানিফের খিচুনি হয়। তাই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিই। হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার খবর পেয়ে খুবই খারাপ লাগছে বলেও জানান তিনি। নাওরাতকে টিকা দেয়ার পুর্বে এলাকার আরও ৬৫/৭০ জনকে টিকা দিয়েছি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, নাওরাত নামের এক শিশু টিকা দেয়ার পর মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। শিশুটি টিকার কারণে মারা গেছে নাকি অন্য কোন কারণে মারা গেছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

লোহাগাড়ার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে, আমিও অনেক্ষণ ঘটনাস্থলে ছিলাম। রাত সাড়ে ৮ টার দিকে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ হয়নি বলেও জানান ওসি।

Feb2
Feb2

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 12:57 pm
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:30 am
ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

জিয়ান্নি ইনফান্তিনো যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। অথচ খুব সহজেই টানা চতুর্থবার ফিফা প্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হিসাবনিকাশ পাল্টে দিলো। এই পরিকল্পনা বাতিল করেও রেহাই পাচ্ছেন না। তাকে গদি থেকে নামাতে এবার একজোট হয়েছেন উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা।

ইতালিয়ান-সুইস প্রশাসকের ওপর আস্থা হারানোর কথা ইতোমধ্যে জানিয়েছিল উয়েফা। আগামী মার্চের নির্বাচনে তাকে পুনঃনির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে ইংলিশ ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় চাকরি বাঁচানো তার জন্য কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কিছু গণমাধ্যমের দাবি, টিকে থাকতে সোমবার হোয়াইট হাউজে ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি।

আর এবার দ্য টাইস এক প্রতিবেদনে বলেছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ‘ফিফাকে অচল’ করতে তিন কনফেডারেশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একই প্রতিবেদনে যোগ করা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট যদি ক্ষমতায় থেকে যান এবং আগামী নির্বাচনে লড়াই করতে চান, তাহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে তারা।

এর মধ্যে রয়েছে নিজেদের মতো করে একটি ‘বিদ্রোহী’ প্রতিযোগিতা আয়োজন করবে এই তিন ফুটবল সংস্থা। আর ‘সরকারি বয়কট’ তো রয়েছেই। এর মানে তারা ফিফার সিদ্ধান্ত কিংবা পরিষদ ও কমিটি বৈঠকে থাকতে অস্বীকৃতি জানাবে।

দ্য টাইমস এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সবাই দৃঢ়প্রতিজ্ঞ যে তাকে যেতেই হবে। তা না হলে আমরা তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাও রয়েছে – দক্ষিণ আমেরিকার বড় দেশগুলো কি ফ্রান্স বা স্পেন নাকি লেবানন বা জিবুতির সঙ্গে খেলতে বেশি পছন্দ করবে? সবাই খুব দৃঢ়প্রতিজ্ঞ, এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই।’

জানা গেছে, বেশ কিছু দেশ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এখন পর্যন্ত কেবল ১৫ দেশের সমর্থন পেয়েছেন তিনি। অথচ সপ্তাহখানেক আগেও মার্চের পুনঃনির্বাচনে দাঁড়াতে ৫৬ বছর বয়সী ২১১ ফিফা সদস্যের প্রায় সবার সমর্থন পেয়েছিলেন। জিততে তার ১০৬ ভোটের দরকার ছিল।

এখন পর্যন্ত কোনো প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে এগিয়ে আসেননি। অবশ্য ১৮ নভেম্বর পর্যন্ত হাতে সময় আছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক দেশ ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানালে জরুরি ফিফা পরিষদ বৈঠক ডাকতেই হবে।

শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 August, 2026, 2:57 pm
শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তীতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।