সাতগড় বনবিট কর্মকর্তাকে অফিসে গিয়ে দিনদুপুরে ইউপি মেম্বারপুত্রের প্রাণনাশের হুমকি : থানায় জিডি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বনরেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজকে দিনদুপুরে অফিসে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় চুনতি ইউপি মেম্বারপুত্র ফারুক। এ ব্যাপারে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যাহার নং- ৩১১।
সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন সাতগড় ব্লকের চুনতি মৌজার সংরক্ষিত বনাঞ্চলের গেজেটে আরএস দাগ নং ২৪৭ এবং বিএস দাগ নং ৭৯১৭ এর চুনতি হাতিবান্ধা (নলবুনিয়া) এলাকার ২০১৯-২০ সনে ২য় আবর্তে সৃজিত সামাজিক বাগান অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করার দায়ে ধৃত আসামী চালান ও মামলা দায়ের করার কারণে ৭ জানুয়ারি দুপুর ১২ টার দিকে স্থানীয় চুনতি ইউপি মেম্বার সৈয়দ মোক্তার আহমদ প্রকাশ লেদু মেম্বারের ছেলে বনবিট কর্মকর্তার দায়ের করা মামলার ১নং আসামী মো: ফারুক (৪৫) সিএনজি ভর্তি লোকজন নিয়ে সাতগড় বনবিট অফিস গেইটে এসে অফিসে সরকারী কাজে নিয়োজিত বন কর্মচারী মনিরুজ্জামান পাটোয়ারী ও বাগান মালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিট কর্মকর্তা মাসুদ পারভেজকে ২৪ ঘন্টার মধ্যে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় বাইরে ডিউটিতে গেলে তাকে খুন অথবা গুম করে মেরে ফেলার হুমকি দেন । এছাড়াও মহিলা দিয়ে হয়রানী করা এবং মিথ্যা মামলা দিয়ে বদলী করে দেয়ার হুমকি দিয়ে চলে যান।
এ প্রসঙ্গে সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন আগে স্থানীয় চুনতি ইউপি মেম্বার সৈয়দ মোক্তার আহমদ লেদুর ছেলে ফারুকের নেতৃত্বে আমার বনবিটের আওতাধীন একটি সৃজিত বাগান জবরদখলের সময় হাতে-নাতে ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করি। এ সময় ফারুক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারিনি। তবে, ফারুক যেহেতু এ জবর-দখল কাজে নেতৃত্ব দিয়েছে সেহেতু তাকে ওই মামলায় ১ নম্বর আসামী করা হয়েছে। মামলা দায়েরের কারণে আমার অনুপস্থিতিতে বিট অফিসের গেইটে লোকজন নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় সাধারণ ডায়েরী করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে মো: ফারুক বলেন, আমাকে মিথ্যে মামলা দিয়েছে। ঘটনার দিন আমি ছিলাম না। আমাকে কেন মিথ্যা মামলা দিয়েছে সেটা জানতে বিট অফিসে গিয়েছিলাম । তবে, তিনি বিট কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, সাতগড় বনবিট কর্মকর্তা মো: মাসুদ পারভেজকে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে। একজন অফিসার বিষয়টি তদন্ত করছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/আজাদ


আপনার মতামত লিখুন