ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: শিক্ষক আটক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ রবিউল আলম (৮) নামে এক মাদরাসা শিশু ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর (৩০) আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার উপজেলার পাইন্দং ইউপির হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) আহত ছাত্রের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার পরে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক মাওলানা জাহাঙ্গীরকে উক্ত মাদ্রাসা থেকে আটক করে পুলিশ। মাদ্রাসা ছাত্র মোহাম্মদ রবিউল আলম উপজেলার দাঁতমারা ইউপির হাসনাবাদ গ্রামের মোহাম্মদ আব্দুল হাকিমের পুত্র।
রবিউলের বাবা মো: আব্দুল হাকিম জানান,”গতকাল সোমবার আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দেখতে গেলে আমার বাচ্চার শারীরিক অবস্থা দেখে আমি বিস্মিত হয়ে যাই।আমি দেখতে পাই যে,আমার বাচ্চাকে ঐ শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার পরির্বতে মানসিক ও শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়। উক্ত মাদ্রাসার হুজুর জাহাঙ্গীর আলম আমার বাচ্চাকে মারধর করে। যার ফলে আমার বাচ্চার শারীরিক অবস্থা খুবই সংকটপন্ন।কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষকে উক্ত বিষয়ে অভিযোগ করার পরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি’।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, আহত মাদ্রাসা ছাত্র রবিউলের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে’।
উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ফটিকছড়ি থানা পুলিশ সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষকে গ্রেফতার করেছে। মামলা কার্যক্রম চলমান”।
২৪ ঘণ্টা/জুনায়েদ


আপনার মতামত লিখুন