সলিমপুরে বধ্যভূমিতে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ
সীতাকুণ্ডে বহু বছর ধরে অযত্নে, অবহেলায় এবং মানুষের অবৈধ দখলে থাকা সলিমপুর এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘বধ্যভূমি স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা ১০নং সলিমপুরস্থ ওভারব্রীজের পাশে অবস্থিত বধ্যভূমিটি স্বাধীনতা যুদ্ধের পর থেকেই অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে। এর আশে পাশে গড়ে উঠেছে অবৈধভাবে একাধিক স্থাপনা।
কিছু প্রভাবশালী মহল বধ্যভূমির পাশের জায়গা দখল করে দোকানপাট, গাড়ির গ্যারেজ স্থাপন করে। অবশেষে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে অবৈধ জায়গা উদ্ধার করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
গতকাল সোমবার ওই স্থানটি পরিদর্শন করে এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ। তিনি প্রথম পর্যায়ে ২ লক্ষ টাকা বরাদ্দ দেন। এদিকে বধ্যভূমির আশপাশ থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা পরিষদের গৃহীত প্রকল্প বাস্তবায়নে উক্ত স্থান পরিদর্শনে যান সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড.ফজলে করিম চৌধুরী নিউটন, যুবলীগ সভাপতি ইমাম উদ্দিন ইমু, ইউপি সদস্য শাহাদাত হোসেন, যুবলীগ নেতা আসলাম হাবীব, সাইদুর রহমান মারুফসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এন-কে


আপনার মতামত লিখুন