রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৭ দুপুর
রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে সাত জন ও রাজশাহীতে পাঁচ জনের মৃত্যু হয়। ময়মনসিংহে মৃত সাত জনের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া রাজশাহীতে মৃত পাঁচ জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। অপর তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ময়মনসিংহের নান্দাইলের শাহনাজ (৪০) ইশ্বরগঞ্জের মো. জিসান (১৬), সাহেব আলী (৮০), আনোয়ারা (৪০), ভালুকার হাসমত আলী (৭৫), নান্দাইলের শাহনাজ (৪০), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুরের নাসিমা (২২)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ১৩৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে আট জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১৭ জন।

এদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৭টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে রাজশাহীর তিন জন, নওগাঁর একজন ও পাবনার একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৮৬টি শয্যার বিপরীতে ১৪২ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

Feb2
Feb2