নেপাল পৌঁছেছেন তামিম
এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে নেপালে পৌঁছেছেন তামিম ইকবাল। প্রথমবারের মতো ইপিএলে খেলতে বাড়তি রোমাঞ্চ কাজ করছে এই টাইগার ওপেনারের।
হিমালয়ের দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ইনজুরি কাটিয়ে এবার ইপিএল দিয়ে নিজেকে ফিরে পেতে চান তিনি।
নেপালে যেতে বেশ বিপত্তিতে পড়তে হয়েছে তাকে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দেশ ছাড়েন তামিম। ফ্লাইট জটিলতায় প্রায় ৮ গুণ বেশি সময় ব্যয় করে তাকে যেতে হয়েছে নেপালে। করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নেই কাঠমান্ডুতে। এ কারণে কাতার হয়ে নেপালে পা রাখতে হয়েছে তামিমকে।
কাঠমান্ডু পৌঁছে তামিম জানান, ’ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়েছি। আমি খুবই রোমাঞ্চিত। এই প্রথম নেপালে আসলাম। ২০১৪ বিশ্বকাপে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলাম। এটা ভালো একটা টুর্নামেন্ট। আমি ইপিএলে খেলতে মুখিয়ে আছি। দলের জন্য ভালো কিছু করতে চাই। দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। গত ২-৩ মাস ধরেই আমি ইনজুরিতে ছিলাম। তবে দেশে গত ২ সপ্তাহ অনুশীলন করেছি। এখন ভালো বোধ করছি। আশা করছি, ভালো শুরু করব। আসরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’
এভারেস্ট লিগে নিজের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে নিজের সেরাটা দিতে চান তামিম। কাল নিজেদের প্রথম ম্যাচে পোখানা রাইনোসের মুখোমুখি হবে তামিম।
ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন তামিম। এদিন ছেলে আরহামকে নিয়ে মাঠে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না ড্যাশিং এই ওপেনার। বিশ্বকাপ দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন