খুঁজুন
মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হয়ে গেল বিগ বস-১৫, কে কে আছেন প্রতিযোগিতায়?

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
শুরু হয়ে গেল বিগ বস-১৫, কে কে আছেন প্রতিযোগিতায়?

রোববার (৩ অক্টোবর) থেকেই শুরু হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস ’-এর ১৫তম সিজন। শুরু থেকেই এই রিয়েলিটি শো নিয়ে তুমুল চর্চা চলছে সাধারণ মানুষের মধ্যে। একে ভারতের সবচেয়ে বড় ও বিতর্কিত রিয়েলিটি শো বললেও ভুল বলা হয় না! তবে, আশ্চর্যজনক ব্যাপার হলো- যতই সময় গড়াচ্ছে, ততই যেন কমছে ‘বিগ বস’র প্রাইজ মানি! নানা ঘটনার মধ্যদিয়ে এক কোটি থেকে সর্বশেষ ৩৬ লাখে নেমে আসে শোটির প্রাইজ মানি।

তবে, অন্যবারের মতো এবারের বিগ বসকে ঘিরেও রয়েছে বহু জল্পনা-কল্পনা। কারা অংশ নিচ্ছেন, কী হতে চলেছে- মূলত এসব নিয়েই আগ্রহ সবার! শনিবারের প্রিমিয়ারের দিকেও নজর ছিল সবারই।

এদিন রাতে বলিউডের সুপারকুল অভিনেতা রণবীর সিং-এর ঝলক এবং ভাইজান সালমান খানের নাচের তালে যেমন মুগ্ধ হলেন ভক্তরা, তেমনই চূড়ান্ত প্রতিযোগীদের নাম জানতে পেরে উত্তেজিত প্রত্যেকেই। এবার কে কাকে টেক্কা দেবেন, এই সিজনে কে হবেন চ্যাম্পিয়ন, তা নিয়েই এখন চর্চা বাড়ছে হুহু করে। এই সব প্রশ্নের উত্তর তো সময়ই দেবে।

তবে চলুন, তার আগে জেনে নেয়া যাক বিগ বস-১৫ সিজনের চূড়ান্ত প্রতিযোগীদের নাম।

প্রতীক সেহাজপাল: বিগ বসের এ বারের আসরের প্রথম প্রতিযোগী হলেন প্রতীক। বিগ বসের ওটিটি ফাইনালিস্টদের মধ্যে অন্যতম ছিলেন এই যুবক। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বিসর্জন দিয়ে বিগ বস ১৫-র ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

নিশান্ত ভাট: নিশান্তও ছিলেন ওটিটি-র ফাইনালিস্টদের মধ্যেই। সেখানে রানার্স আপ হয়েই বিগ বসের ঘরে প্রবেশের কথা ঘোষণা করেছিলেন তিনি।

শমিতা শেট্টি: শমিতা ছিলেন বিগ বস ওটটি-র দ্বিতীয় রানার্স আপ। তারও আগে বিগ বসের তৃতীয় সিজনেও অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ছোট বোন। কিন্তু রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পার বিয়ে ঠিক হওয়ায় সেবার বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এই লাস্যময়ী।

তেজস্বি প্রকাশ: তেজস্বি একজন টিভি অভিনেত্রী। স্বরাগিনী ধারাবাহিকে তিনি জনপ্রিয় মুখ। তবে এটাই তাঁর প্রথম রিয়ালিটি শো-তে অংশ গ্রহণ নয়। এর আগে ফিয়ার ফ্যাক্টর এবং খাতরো কি খিলাড়ির ১০ম সিজনেও অংশ নিয়েছিলেন তিনি।

করণ কুন্দ্রা: করণ যে জনপ্রিয় এই শো-তে অংশ নিতে চলেছেন, তা সবার জানা ছিল আগে থেকেই। কেননা, এই সপ্তাহের শুরুতেই তাঁকে নিয়ে প্রোমোও রিলিজ করেছিল বিগ বস কর্তৃপক্ষ।

আকাসা সিং: বিগ বস-১৫ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই শো-তে যোগ দিয়েছেন খিচ মেরি ফটো, নাগিন, ঠগ রঞ্জার মতো বেশ জনপ্রিয় গানের গায়িকা আকাশা সিং।

ডোলান্ডো বিস্ত: এক দিওয়ানা থা বা রুপ- মরদ কা নয়া স্বরুপ-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ডোলান্ডো। এই বছরই প্রথম বিগ বসের ঘরে প্রবেশ করলেন এই টিভি অভিনেত্রী।

উমর রিয়াজ: প্রোমো থেকেই জানা যায় যে, বিগ বসের সিজন ১৫-তে অংশ নিচ্ছেন উমর। এর আগে উমরের দাদা অসীম রিয়াজও এই শো-তে অংশ নিয়েছিলেন।

সিম্বা নাগপাল: ‘শক্তি অস্বিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকে অংশ নিয়েই জনপ্রিয় হন সিম্বা নাগপাল। তাইতো এবারের বিগ বসে সকলকে টক্কর দিতে প্রস্তুত এই টিভি অভিনেতা।

সাহিল শ্রফ: শাহরুখ খানের ‘ডন টু’ এবং ফারহান আখতারের ‘শাদি কে সাইড এফেক্টস’এ দেখা গিয়েছিল সাহিলকে। তবে এবার নতুন লক্ষ্য নিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করছেন এই অভিনেতা।

মিশা আইয়ার: মিশা আইয়ার যে বিগ বস ১৫-তে অংশ নিতে চলেছেন, সেটা তিনি আগেই জানিয়েছিলেন।

জয় ভানুশালী: অভিনয়ের পাশাপাশি জয় নিজেও একজন জনপ্রিয় সঞ্চালক। একেবারে শেষ মুহূর্তে বিগ বসে অংশ নিতে রাজি হয়েছেন তিনি।

বিধি পাণ্ডিয়া: উড়ান, বালিকা বধূর মতো জনপ্রিয় শো’তে পরিচিতি পেয়েছিলেন বিধি। এবার বিগ বসের অন্যতম প্রতিযোগী হলেন তিনিও।

বিশাল কোটিয়ান: বিশালও ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় মুখ। অনেক আগেই বিগ বসে অংশ নেওয়ার বিষয়টি পাকা করে দিয়েছিলেন তিনিও।

আফসানা খান: পঞ্জাবি গায়িকা আফসানাও এবার সকলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রবেশ করলেন বিগ বসের ঘরে। তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে বলে জানা যায়। যে কারণে বিগ বসে অংশ নিতে রাজি হচ্ছিলেন না তিনি। পঞ্জাবে ফিরে গিয়েছিলেন আফসানা। তবে শেষ মুহূর্তে তাঁর বিগ বসের ঘরে প্রবেশ করাটা সবাইকেই কিছুটা চমকে দিয়েছে।

তবে, এই ১৫ জনের মধ্যে বিগ বসের কঠিন চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কারা টিকে থাকতে পারেন, সেটাই শেষ পর্যন্ত দেখার বিষয়! লড়াইটা যে মোটেও সহজ হবে না সেটা সবারই জানা। কেননা, বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে বিগ বসের ঘরে বন্দি থাকাটা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জই বটে। তাই দেখার বিষয়, এই কঠিন চ্যালেঞ্জে সবাইকে টেক্কা দিয়ে শেষ হাসিটা কে হাসেন! কার হাতে ওঠে বিগ বসের ট্রফি!

এন-কে

Feb2

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগর জামায়াতের শূরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নগর শাখার সদস্যদের মতামত বিবেচনায় এনে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

নগর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, গতকাল নগরের দায়িত্বশীলদের সভা ছিল। সেখানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামের মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলের পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাউন্সিলর পদের প্রার্থীর জন্য মহানগর কমিটি কাজ করছে। সেটি পরে ঘোষণা করা হবে।

শামসুজ্জামান হেলালী এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকেও জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। ওই আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে তিনি পরাজিত হন।

ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সেবকের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনাদের সর্বদা নিবেদিত থাকতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনে গিয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন, যার মধ্যে রয়েছে ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন কাজের খোঁজখবর নেন।

ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, কাজের গতিশীলতা বজায় রাখতে হবে এবং সব ধরনের আবেদন বা কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।

শৃঙ্খলা ও দাপ্তরিক পরিবেশ রক্ষায় প্রতিমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত ও যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া অফিসের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিও সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা

কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক জরুরি নোটিশে সংস্থাটি জানায়, এই ঘাটতির প্রভাব পড়েছে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলে। এসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক নাও থাকতে পারে।

এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, আর আবাসিক গ্রাহকরাও রান্নার কাজে বিঘ্নের শঙ্কা প্রকাশ করেছেন।