খুঁজুন
, ,

তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে চলছে ভোটগ্রহণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 November, 2021, 11:10 am
তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে চলছে ভোটগ্রহণ

চলমান দশম ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তৃতীয় ধাপে এক হাজার সাতটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হচ্ছে এক হাজার ইউনিয়ন পরিষদে। বিভিন্ন জটিলতায় সাতটি ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।

ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই কোটি এক লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক কোটি দুই লাখ ১৫ হাজার ৪২৩ জন, নারী ভোটার ৯৯ লাখ ৩২ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ১৯ জন। এ ধাপের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ১০ হাজার ১৫৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬১টি হাজার ৮৩০টি।

ইসি সূত্র আরও জানিয়েছে, সারা দেশে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে এরই মধ্যে ১০১ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : তৃতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার ২৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, রাউজান উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা সিলেকশনের মাধ্যমে বিজয়ী হওয়ার পথে। তাই, ভোট হচ্ছে না রাউজান উপজেলায়।

রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার ২৬টি ইউপির মধ্যে হাটহাজারীর ১১টি ও রাঙ্গুনিয়ার ১৩টি ইউপির নির্বাচন চলছে। রাঙ্গুনিয়ার ১৩টি ইউপির মধ্যে আটটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর বাকি পাঁচটিতে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া হাটহাজারীতে ১৩টি ইউপির মধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হচ্ছে।

এদিকে, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা নির্বাচন কার্যালয় থেকে ভোরে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনি সামগ্রীর সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা।

শ. ম সাজু, রাজশাহী : রাজশাহীর দুটি উপজেলার ১৩টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পবা উপজেলার সাতটি এবং মোহনপুর উপজেলার ছয়টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন।

দুই উপজেলার ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১৩৬ জন ও সদস্য পদে ৪২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পবা উপজেলার হরিপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে শুধু সদস্য পদে নির্বাচন হচ্ছে।

পবা উপজেলার ৬৮টি এবং মোহনপুর উপজেলার ৫৮টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণের আগে সকালে এসব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়।

এদিকে, প্রতিটি কেন্দ্রে পাঁচ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল দল রয়েছে নির্বাচনি মাঠে। এই প্রথম রাজশাহী মহানগর পুলিশের আওতায় পবা উপজেলার সাতটি ইউপিতে টহল পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, দেশের কোনো নির্বাচনে এই প্রথম বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এর ফলে নির্বাচনে কোনো সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে তা শনাক্ত করা সম্ভব হবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : তৃতীয় ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়টি ও টঙ্গীবাড়ী উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। এই ২১টি ইউপির সবগুলোতেই ভোট হচ্ছে ব্যালট পেপারে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন, জাকের পার্টি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্রসহ মোট ১২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৬৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ২২৩ জন। দুই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২২১টি কেন্দ্রের এক হাজার ১২১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগের জন্য মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার।

এদিকে, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ১২ শতাধিক সদস্য। এর মধ্যে আট প্লাটুন বিজিবি এবং র‍্যাবের ১০টি টহল দল রয়েছে।

নির্বাচন অফিস ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতি ইউনিয়নে থাকছেন একজন ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও সাত জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা প্রতিক) পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি নেতারা স্বতন্ত্র হিসেবে এবং জাসদ মনোনীত প্রার্থীরা মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবমিলিয়ে মোট ৯০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ইউপি সদস্য পদে রয়েছেন ৬২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন ১৭৪ জন প্রার্থী।

এ ছাড়া এসব ইউপিতে মোট তিন লাখ ৫২ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৪৭ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৭৪ হাজার ৮৩৭ জন।

কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম গতকাল শনিবার দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থীদের দাবির প্রেক্ষিতে নিজ নিজ কেন্দ্রে আজ সকালে ব্যালট পেপার পৌঁছানো হয়।

এদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে সর্বমোট ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এন-কে

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।