এসএমএস এ পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স তথ্য জানাবে সিএমপি
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের তথ্য জানতে সাধারণ মানুষের কিছুটা লাঘব হবে। প্রার্থী তার এস এম এস এর মাধ্যমে জেনে নিতে পারবেন তার কাঙ্খিত সেবার ফলাফল।
পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য ভেরিফিকেশন সেবা অত্যন্ত দ্রুত ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
১৮ নভেম্বর সোমবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় সকল ক্ষেত্রে হয়রানী ও অহেতুক বিলম্ব নির্মূল করার জন্য ভেরিফিকেশন সমাপ্ত হলে সেই তথ্যটি সরাসরি প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে।
পাসপোর্ট আবেদনকারীরা এখন থেকে এস এম এস এর মাধ্যমে জানবেন কোন তারিখে এবং কোন স্মারকে তার ভেরিফিকেশন প্রতিবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনকারী জানবেন তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারির জন্য প্রস্তুত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএমপি এসএমএস বার্তা প্রেরণের এই উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হলেও ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার তথ্যটি সঠিক সময়ে না জানার কারণে বিলম্ব সম্মন্ধে ভুল ধারণার সৃষ্টি হয়েছিলো আবেদনকারীদের কাছে।


আপনার মতামত লিখুন