স্টিক কাবাব তৈরির সহজ রেসিপি
স্টিক কাবাব আমাদের সবারই পছন্দের খাবার হলেও বাড়িতে এটি ঠিকঠাক তৈরি করতে পারি না অনেকেই। কাবাবের মাংস ঠিকমতো কুক না হওয়ার সমস্যায় অনেকেই এই খাবারটি বাড়িতে বানাতে চান না। তারা এখন সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এই খাবারটি।
এই পদ্ধতিতে খাবারটি তৈরি করতে পারবেন গ্যাসের চুলাতেই। কীভাবে তা তৈরি করবেন জেনে নিন আজকের আয়োজনে-
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে স্টিক কাবাব তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো হাড়বিহীন মুরগির মাংস কিউব করে কাটা ২০ টি, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, পেঁয়াজ পেস্ট ১ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৩ চা চামচ, মরিচ গুঁড়ো ১/৩ চা চামচ, চিনি ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, বুটের বেসন ৪ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ কাপ।
ডেকোরেশনের জন্য হালকা ঝাজা রসুন কোয়া, গাজর, লাল ও হলুদ ক্যাপসিকাম। তবে আপনি চাইলে এখানে লেটুস পাতা, স্লাইস করা শসা ও টমেটোও নিতে পারেন।
যেভাবে তৈরি করবেন:স্টিক কাবাব তৈরি করতে প্রথমে সব উপকরণ দিয়ে মুরগির মাংসগুলো মেরিনেট করে নিন ৩ ঘণ্টা। এই পদ্ধতিতে আপনি চাইলে বেশি করে মুরগির মাংসের টুকরোগুলো মেরিনেট করে একটি এয়ার টাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মাংস আগে থেকেই মেরিনেট করা থাকলে যেকোনো সময়েই আপনি তা ফ্রিজ থেকে বের করে স্টিক কাবাব তৈরি করে নিতে পারবেন।
মেরিনেট করা মাংসের টুকরোগুলো ডুবতেলে ভাজার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিন। এতে তেল দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল গরম হয়ে গেলে এতে মাংসের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিন। তবে খেয়াল রাখবেন সসপ্যান ছোট হলে একসাথে সব টুকরো ভাজবেন না। এতে খাবারের স্বাদ খানিকটা নষ্ট হবে।
ভাজা হয়ে গেলে ডেকোরেশনের জন্য টুকরোগুলো স্টিকে গেথে নিন। এক্ষেত্রে মাঝে মাঝে স্লাইস করা শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম দিয়ে নিতে পারেন।
এভাবে সহজ পদ্ধতিতে স্টিক কাবাব তৈরি করলে মাংস ভালো করে কুক হবে। খেতেও লাগবে ভীষণ টেস্টি।
এন-কে


আপনার মতামত লিখুন