পাকিস্তান সফরে যেতে মুখিয়ে আছেন অসি অধিনায়ক
অনেক বছর ধরে পাকিস্তানের মাটিতে খেলেনি অস্ট্রেলিয়া। সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮ সালে। এতদিন পর পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। আর সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন দেশটির সীমিত ওভারের ফরম্যাটের নেতা অ্যারন ফিঞ্চ।
দীর্ঘ দুই যুগ বাদে চলতি বছর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। আগামী মার্চ-এপ্রিলে হতে যাওয়া সিরিজটির বিষয়ে গত শুক্রবার নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সফরকে সামনে রেখে মেলবোর্ন থেকে স্টারস্পোর্টকে অস্ট্রেলিয়ার অধিনায়ক জানালেন, পাকিস্তান সফরের জন্য কতটা মুখিয়ে আছেন তাঁরা।
অ্যারন ফিঞ্চ বলেন, ‘পাকিস্তানে সাদা বলের ক্রিকেট খেলতে যেতে তর সইছে না আমার। এই অঞ্চল অনেক দিন ধরেই (আন্তর্জাতিক) ক্রিকেট থেকে বঞ্চিত। পাকিস্তান যখন ক্রিকেট জাতি হিসেবে এগিয়ে যেতে থাকে, গোটা ক্রিকেট বিশ্বের জন্যই তা দারুণ ব্যাপার।’
অসি তারকা আরো বলেন, ‘সারা বিশ্বে এই খেলাটিকে যতটা সম্ভব স্থিতিশীল অবস্থায় রাখা নিশ্চিত করতে আমাদের সবকিছু করতে হবে। যদি সেটা না করি তাহলে আমরা খেলাটির ক্ষতি করব। আমি যতদূর জানি, পূর্ণ শক্তির পুল থেকেই আমরা দল বাছাই করতে পারব।’
২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পাকিস্তানের মাঠে লম্বা সময় ধরে ক্রিকেট হয়নি। এরপর ধীরে ধীরে গত কয়েক বছরে ঘরের মাঠে ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে তারা। এরই মধ্যে গেল কয়েক বছরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন করে পাকিস্তান।
আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হয় দুদলের লড়াই। সিরিজের পরের দুই ম্যাচ ১২ ও ২১ মার্চ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর ২৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজ শেষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।
এন-কে


আপনার মতামত লিখুন