কোচের কথা শোনেন না বার্সেলোনার সমর্থকরা
কোচ জাভি হার্নান্দেজের কথা নাকি শোনেন না বার্সেলোনার সমর্থকরা। উসমান দেম্বেলেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বললেও তা মানছেন না তারা।
ঘটনা বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতের। নাপোলির বিপক্ষে ইউরোপা লিগে মুখোমুখি হয় বার্সা। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। যে কিনা কিছুদিন আগেও বেতন না বাড়ালে ক্লাব ছাড়ার হুমকি দিয়েছিলেন। এসব কারণেই দেম্বেলেকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করেন ফ্যানরা।
এ সম্পর্কে জাভি বলেন, ‘সমর্থকরা আমার কথায় কোনো গুরুত্ব দেয় না। তারা দেম্বেলের দিকে তাকিয়ে চিৎকার করছিল। আমরা এমনিতেই তাকে সতর্ক করেছি। এখানেই তো ঘটনা শেষ।’
নাপোলির বিপক্ষে ওই ম্যাচে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের প্রথম থেকেই বল দখলে নিজেদের আধিপত্য বজায় রাখে জাভির দল। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল ছিল বার্সা খেলোয়াড়দের পায়ে। শুধু বল দখলেই নয়, গোলবারে শট করাতেও তারা নাপোলি থেকে যোজনে যোজনে এগিয়ে ছিল।
বার্সেলোনার ২০ শটের বিপরীতে নাপোলি শট নিতে পেরেছে মাত্র চারটি। তবে তাতেও কোনো লাভ হয়নি। ফেরান তোরেস, আউবামেয়াং, ট্রাওরেরা ভেদ করতে পারেনি নাপোলির ডিফেন্স। যার ফলে নিজেদের মাঠে ১-১ গোলের সমতায় শেষ হয় ইউরোপা লিগের এই দুই ফেভারিটের ম্যাচ।
এদিকে, সিগন্যাল ইদুনা পার্কে সবাইকে অবাক করে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স। ডর্টমুন্ড প্রথম হাফেই ট্যাভার্নিয়ার, মোরেলোসের গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে রেঞ্জার্স। লুন্ডস্ট্রামের গোলের ৩-০-তে এগিয়ে যায় রেঞ্জার্স।
এরপর বেলিংহাম এক গোল শোধ দেয় ডর্টমুন্ডের হয়ে। তবে সেই গোলের তিন মিনিট পরেই এক আত্মঘাতী গোল করে বসে ডর্টমুন্ড ডিফেন্ডার জাগাদউ। আর ম্যাচের শেষ মুহূর্তে ডর্টমুন্ডের হয়ে আরেক গোল শোধ দেয় পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরো। যার ফলে ৪-২ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।
এন-কে


আপনার মতামত লিখুন