ফকনারের বিরুদ্ধে মামলা করার হুমকি বাটের
পিসিবির বিরুদ্ধে অভিযোগ তুলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার জেমস ফকনার। ফকনার অভিযোগ করেন, পিসিবি তার অর্থ পরিশোধ করেনি। এমন অভিযোগে চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। জেমসের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।
সালমান বাটের দাবি, টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার আগে হোটেলের অনেক সম্পদ নষ্ট করে গেছেন ফকনার। এমন অসদাচরণের জন্য ফকনারের বিরুদ্ধে মামলা করতে বলছেন সালমান বাট।
এদিকে পাকিস্তানের সাবেক এই ওপেনার বলেন, ফকনার চরম মাত্রার বেয়াদবি করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘হোটেলের ঝাড়বাতিতে হেলমেট ছুড়ে মারেন ফকনার। এতে ঝাড়বাতি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ওই সময় প্রাণও চলে যেতে পারত মানুষের! কারণ, ঝাড়বাতির নিচে মানুষ দাঁড়িয়েছিল। যেকোনো অঘটন ঘটতে পারত তখন। আর যাই হোক, ফকনার সেখানে অনেক সম্পদ নষ্ট করেছেন। সেখানকার লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেছেন তিনি। আমার মতে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। তাকে দুদিনের পুলিশি হেফাজতে নেওয়া উচিত। পিসিবির উচিত তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়া।’
এদিকে ফকনারের অভিযোগের জবাবে পিসিবি জানায়, মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ করেছেন ফকনার। আরেকটি বিবৃতিতে তারা জানায়, পাকিস্তান ক্রিকেট ও পিএসএলকে অসম্মানের প্রচেষ্টা ছিল ফকনারের। ভবিষ্যতে পিএসএলে কোনো আসরের ড্রাফটে থাকতে পারবেন না বলে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজির মালিকেরা ঐকমত্যে পৌঁছেছেন।
ফকনার এই মৌসুমে কোয়েটার হয়ে ছয় ম্যাচ খেলে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ৪৯। শেষ তিন ম্যাচে তিনি খেলেননি। সাধারণত পিসিবি টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী অর্থ মিটিয়ে দেয় এবং তারপর ফ্রাঞ্চাইজির থেকে তা উশুল করে। সেই কারণেই মূলত কোয়েটা নয়; বরং পাকিস্তান বোর্ডের ওপর খেপে রয়েছেন ফকনার।
এন-কে


আপনার মতামত লিখুন