আলু পনিরের সহজ রেসিপি
যারা ভেজিটেরিয়ান তাদের কাছে অত্যন্ত পছন্দের একটি খাবার হলো আলু পনির। তবে এই খাবারটি শুধু ভেজিটেরিয়ানদেরই নয়, এখন পছন্দের তালিকায় রয়েছে ননভেজদেরও।
পনির পুষ্টিগুণে ভরপুর উন্নত একটি খাবার। এত রয়েছে ক্যালসিয়াম, জিংক, ভিটামিন এ এবং বি ১২। পনির খেলে হাড় ও দাঁত মজবুত হয়, সেই সঙ্গে ঝুঁকি কমে ডায়াবেটিসেরও। তাই সপ্তাহে অন্তত এক দিন আলু পনিরের রেসিপি অনুযায়ী পনিরের তরকারি তৈরি করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে আলু পনির তৈরির জন্য আপনার প্রয়োজন হবে ২০০ গ্রাম পনির, আলু কিউব করে কাটা ১ কাপ, তেল ১/২ কাপ, ঘি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা-রসুন পেস্ট ২ টেবিল চামচ, টমেটো কুচি ১ কাপ, কাঁচা মরিচ ২টি, জিরা গুঁড়ো ১ চা-চামচ, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, গরমমসলা ১/২ চা চামচ, ধনেপাতা ১ চা-চামচ, পানি ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন: আলু পনির তৈরির জন্য প্রথমে সসপ্যানে ২ টেবিল চামচ তেল গরম করে নিন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রঙের করে ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে আদা-রসুন পেস্ট দিয়ে রান্না করুন। এরপর তাতে টমেটো কুচি দিন। এবার লবণ ও কাঁচামরিচ চিরে দিয়ে দিন। ২-৩ মিনিট ঢাকনা দিয়ে রান্না করুন। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখবেন, টমেটো যেন পুরোপুরি গলে না যায়। এবার এ মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন।
এবার সসপ্যানে আবার ২ টেবিল চামচ তেল ও ১ চা-চামচ ঘি দিয়ে ১/২ চা-চামচ আস্তো জিরা ফোড়ন দিন। তারপর এতে একে একে সব মসলা যোগ করুন। এবার এতে দিয়ে দিন ব্লেন্ডার দিয়ে তৈরি করা মসলার পেস্টটি। তারপর ২-৩ মিনিটের জন্য ঢেকে দিন। ঢাকনা খুলে মসলাটি ভালো করে নাড়তে থাকুন।
মসলার কালার আরও ডার্ক হয়ে মসলা থেকে তেল ছেড়ে এলে তাতে আগে থেকে ঘিয়ে ভেজে রাখা পনির ও আলু দিয়ে মসলার সঙ্গে ভালো করে মেশান। তারপর পরিমাণমতো পানি দিয়ে প্রায় পাঁচ মিনিট ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করুন। রান্না প্রায় হয়ে গেলে ১ চা-চামচ গরমমসলা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন। এবার রুটি, ভাত বা পরোটার সঙ্গে আলু পনির গরম গরম পরিবেশন করুন।
এন-কে


আপনার মতামত লিখুন