উইকেটের মিছিলেও লিটনের হাফসেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে একে একে চারজন ব্যাটার আউট হয়ে গেলেও অবিচল রয়েছেন ওয়ানডাউনে খেলতে নামা লিটন দাস। ইনফর্ম এই উইকেটরক্ষক ব্যাটারই দলের হাল ধরেন। ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
টি-টোয়েন্টিতে লিটন দাসের এটি পঞ্চম অর্ধশতক। ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ১০১।
ব্যাট করতে নেমে মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফজল হক ফারুকির বলে মাত্র ২ রানে আউট হন ওপেনার নাঈম শেখ। অভিষিক্ত মুনিম শাহরিয়ারও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। অথচ পুরো বিপিএলে টি-টোয়েন্টি ধাঁচে ব্যাট করে তুমুল আলোচনায় ছিলেন তিনি। ১৮ বলে স্কোর বোর্ডে তিনি ১৭ রান যোগ করেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রশিদ খান।
লাল সবুজ শিবির ৪৭ রানে তিন উইকেট হারায়। এ সময় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শিকারে পরিণত করেন কাইস আহমেদ। ৬ বলে ৫ রান করেন তিনি। ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, টি-টোয়েন্টি সিরিজে প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করবেন। অধিনায়কেরও বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি। ৭ বলে এক ছয়ে ১০ রান করে এলবিডব্লিউর ফাঁদে পা দেন তিনি।
বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।
এন-কে


আপনার মতামত লিখুন