বিশ্বকাপ শুরুর ম্যাচেই দুই সেঞ্চুরি, কিউইদের হারাল উইন্ডিজরা
করোনার কারণে এক বছর পেছানোর পর অবশেষে পর্দা উঠল ১২ তম নারী ওয়ানডে বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দুই সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচটিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
আসর শুরুর ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে উইন্ডিজরা। এবারের আসরের প্রথম শতক হাঁকান ক্যারিবীর ব্যাটার হেইলি ম্যাথুস। ১২৮ বলে ১৬ চার ও এক ছক্কায় ক্যারিয়ারসেরা ১১৯ রান করেন হেইলি ম্যাথুস।
কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ সাফল্য লিয়া তাহোহুর। ৯ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
ক্যারিবীয়দের দেওয়া ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় থেকে ৩ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। যদিও ধাক্কাটা এসেছিল শুরুতেই। টার্গেট তাড়া করতে নেমে দলীয় পঞ্চাশ পূরণের আগেই সাজঘরে ফিরেছেন দুই কিউই ব্যাটার। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় টপ অর্ডারের বাকি ব্যাটাররা।
স্বাগতিকদের পক্ষে প্রথম ও টুর্নামেন্টের ও ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরি করেন কিউই ব্যাটার সোফি ডেভানে। ১২৭ বলে ১০ চারে ১০৮ রান করেন কিউই এ ব্যাটার।
এদিকে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ শুক্রবার (৪ মার্চ) ভোররাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।
আট দলের অংশগ্রহণে ৪ মার্চ টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৩ এপ্রিল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৮টি। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে, বাকি চার দল গ্রুপ পর্ব থেকেই নেবে বিদায়। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
এদিকে আসন্ন ওমেন্স ওয়ার্ল্ড কাপের প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ যার ঘরে যাবে সে পাবে ১.৩২ মিলিয়ন ডলার প্রাইজমানি। এ অঙ্কটি ২০১৭ এর আসরে জয়ী ইংল্যান্ড দলের পাওয়া প্রাইজমানির দ্বিগুণ। অবশ্য শুধুই চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিই যে বাড়ছে এমন নয়, বরং গোটা টুর্নামেন্টের মোট প্রাইজমানির পরিমাণই বাড়াচ্ছে আইসিসি।
এন-কে


আপনার মতামত লিখুন