মার্টিনেজের হ্যাটট্রিকে বড় জয় ইন্টারের
আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকে ইতালিয়ান সিরিআতে সালেরনিতানাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। মার্টিনেজের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন এইডেন জেকো। সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার। আর দশ ম্যাচ পর গোল পেল মার্টিনেজ।
সালেরনিতানাকে চলতি মৌসুমের প্রথম লেগে একই ব্যবধানে হারিয়েছিল ইন্টার। ১৯৫৮-৫৯ মৌসুমের পর ইন্টার মিলানই একমাত্র দল যারা ইতালিয়ান লিগে দুই লেগ মিলিয়ে কোনো গোল হজম না করে প্রতিপক্ষের জালে ১০ বা এর অধিক গোল করল। সর্বশেষ রেকর্ডের মালিক ছিল ফিওরেন্তিনা।
সান সিরোতে প্রথমার্ধের ২২ ও ৪০ মিনিটে জোড়া গোল করে ইন্টারকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ইন্টার মিলান। ৫৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মার্টিনেজ। এরপর ৬৪ ও ৬৯ মিনিটে দুই গোল করে ইন্টারের বড় জয় নিশ্চিত করেন এইডেন জেকো। ম্যাচে তেমন প্রতিরোধ গড়তে পারেনি সালেরনিতানা।
২৭ ম্যাচে ১৭ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মিলান। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নাপোলি ও এসি মিলান।
ম্যাচশেষে মার্টিনেজ শুনিয়েছেন নিজের কঠিন সময়ের কথা। তিনি বলেছেন, ‘জয় ছাড়া দলের কোনো লক্ষ্য থাকতে পারে না। আজকে আমরা পাঁচ গোল করেছি, আমরা খুশি এতে। ব্যক্তিগতভাবে আমি কঠিন মুহূর্ত পার করে এসেছি কারণ একজন স্ট্রাইকার বেঁচে থাকে গোল করতে। আজকে আমি সৌভাগ্যবান ছিলাম তিনটা গোল করেছি।
এন-কে


আপনার মতামত লিখুন