খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন ডু প্লেসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১:১৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন ডু প্লেসি

কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআইতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। প্রোটিয়াদের ঘরের মাঠ সবসময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অচেনা দুর্গম ঘিরি কান্তার মরু। সেই দক্ষিণ আফ্রিকায় এবার ওয়ানডে অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে কখনো দেশটির মাটিতে জিততে পারেনি লাল-সবুজ বাহিনী।

কদিন আগেই বিপিএলে খেলতে বাংলাদেশে এসেছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। বাংলাদেশ ছাড়ার আগে টিম টাইগার্সের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে দিয়ে গেলেন কিছু টোটকাও।

আফ্রিকায় ওডিআই সিরিজের ভেন্যুগুলোর উইকেট তুলনামূলক বাউন্সি ও দ্রুতগতির। তাই টেস্টের চেয়ে ওয়ানডে সিরিজটা কঠিন হবে বাংলাদেশের জন্য। এমন মন্তব্য করেছেন ডু প্লেসি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। সে সময় দুই সতীর্থ লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে নানা পরামর্শও দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

সব ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলা ১৯ ম্যাচের সব কটিতেই হেরেছে বাংলাদেশ। আফ্রিকার উইকেট ধাঁধার কোনো উত্তরই যেন নেই। বাউন্সি পিচে প্রোটিয়া পেসাররা রীতিমতো ত্রাস ছড়ান। এবার তাই সে দেশে আইসিসি ওডিআই সুপার লিগ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে একটু বেশিই সিরিয়াস তামিম-মুমিনুল বাহিনী।

কী অপেক্ষা করছে এবারের সফরে–বিপিএল খেলে দেশে ফেরার আগে সেটাই জানিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

ফাফ ডু প্লেসি বলেন, ডারবান আর পোর্ট এলিজাবেথে দুটি টেস্ট আছে। সাউথ আফ্রিকার এই দুই ভেন্যুর উইকেট কিছুটা স্লো। যেটা উপমহাদেশের দলগুলোর জন্য বেশ সহায়ক। কিন্তু সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গ কিংবা কেপটাউনের উইকেট বেশ দ্রুতগতির। তাই উইকেট বিবেচনায় টেস্ট সিরিজটা হয়তো বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ হবে।

আড়াইশর বেশি ম্যাচে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারের পর্যবেক্ষণ নিশ্চয়ই কাজে দেবে টাইগারদের। বিপিএল চলাকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই সতীর্থ লিটন দাস ও মুস্তাফিজুর রহমান তাই ডু প্লেসির কাছ থেকে পরামর্শ নিতে ভুল করেননি।

সাবেক অধিনায়ক বলেন, ‘ওদের সঙ্গে অনেক কথা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে জানতে অনেক প্রশ্ন করেছে আমাকে। যতটুকু পারি, সহযোগিতার চেষ্টা করেছি।’

প্রোটিয়াদের কাছ থেকেই প্রোটিয়া-বধের দীক্ষা নিয়েছে টাইগাররা। তিন কোচ ডমিঙ্গো-ডোনাল্ড-মরকেলের পাশাপাশি ডু প্লেসিও ধারণা দিয়েছেন উইকেট সম্পর্কে। এই পরামর্শগুলো মাঠে কাজে লাগাতে পারলে হয়তো দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েও যেতে পারে টাইগাররা।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।