খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তীরে এসে তরী ডোবাল বাঘিনীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ
তীরে এসে তরী ডোবাল বাঘিনীরা

পাকিস্তানকে হারানোর পর বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু তা আর হলো না। তীরে এসেই ডুবল নিগার সুলতানাদের তরী। উত্তেজনার পারদ চড়িয়ে মাত্র ৪ রানে হার মানল বাঘিনীরা।

শুক্রবার নতুন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেই জাদুকরী বোলিং প্রদর্শনী করে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪০ রানে বেধে ফেলে তারা। যাতে টানা দ্বিতীয় ম্যাচ জিততে জ্যোতিদের করতে হত ১৪১ রান।

তবে ক্যারিবীয় বোলারদের ঘূর্ণিতে মাত্র ৪ রানে হেরে মাঠ ছাড়তে হয় নাহিদা-তৃষ্ণাদের। শেষ ওভারে প্রয়োজনীয় ৭ রানের ৩ রান নিতেই শেষ উইকেটটি হারায় বাংলাদেশ। ৪৯.৩ ওভারে থেমে যায় মাত্র ১৩৭ রানেই।

ক্যারিবীয় নারীদের পক্ষে হেইলে ম্যাথিউ একাই ধস নামান টাইগ্রেস ইনিংসে। ১০ ওভারে মাত্র ১৫টি রান দিয়ে একে একে তুলে নেন বাঘিনীদের ৪টি উইকেট। মূলত ম্যাচ সেরা এই স্পিনারের কাছেই হার মানে জ্যোতিরা।

এছাড়া স্টেফানি টেইলর ও আফাই ফ্লেচার দুজনেই ২৯ করে রান দিয়ে নেন ৩টি করে উইকেট। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারের ব্যাট থেকে। এছাড়া ২৩ করে রান করেন সালমা খাতুন ও ফারজানা হক পিঙ্কি।

এদিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলা নাহিদা অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৪ বল খেলে। দলীয় ১২২ রানে ৯ম উইকেট পতনের পর তৃষ্ণাকে নিয়ে অনেকটা একাই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে। কিন্তু সেটা আর হয়নি শেষ ওভারের চতুর্থ বলে তৃষ্ণা আউট হওয়াতে।

এছাড়া এদিন দলের টপ ও মিডল অর্ডারের চারজনই আউট হন শূন্য রানে। যা এমন পরাজয়ের অন্যতম কারণ।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানকে হারানোর ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।

সেই ম্যাচের আত্মবিশ্বাস থেকেই আজকের ম্যাচে তারকাসমৃদ্ধ ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ডানহাতি পেসার জাহানারা আলমের বলে কট বিহাইন্ড হন ১৭ রান করা নারী ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেয়ান্দ্র ডটিন। পাওয়ার প্লে’র ১০ ওভারে ১ উইকেটে মাত্র ৩৪ রান করতে পারে তারা। জাহানারার সঙ্গে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণাও।

পরবর্তী ৩০ ওভারে ক্যারিবীয় ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছাড়েন চার স্পিনার সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। এই ৩০ ওভারে মাত্র ৫৩ রান তুলতেই আরও ৬টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান।

অবশ্য সপ্তম উইকেটের পতন ঘটেছিল দলীয় ৭০ রানের মাথায়। ক্যারিবীয় ইনিংসের ৩৬ ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭২ রান। সেখান থেকে শেষ ১৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে তারা। যা দলকে এনে দেয় বলার মতো সংগ্রহ।

নবম উইকেট জুটিতে সর্বোচ্চ ৩৬ রান যোগ করেন কারিশমা রামহারাক ও শারমেইন ক্যাম্পবেল। এর আগে অ্যাফি ফ্লেচারকে নিয়ে অষ্টম উইকেটেও ৩২ রানের জুটি গড়েন ক্যাম্পবেল। কারিশমা ৭ ও অ্যাফি করেন ১৭ রান।

আসরে নিজের দ্বিতীয় ফিফটিতে ১০৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ক্যাম্পবেল। তার ব্যাটে ভর করেই হিলি ম্যাথুজ (১৮), রাশাদা উইলিয়ামস (৪), স্টেফানি টেলর (৪), চেডন ন্যাশনদের (৬) ব্যর্থতা ছাপিয়ে ওই পুঁজি পায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের পক্ষে বল হাতে ডানহাতি সালমা ও বাঁহাতি নাহিদা নিজেদের প্রথম ছয় ওভারে তিনটি করে মেডেন তুলে নেন, রান খরচ করেন সমান ১২ এবং উইকেটও নেন সমান ২টি করে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত। দুজনেরই বোলিং ফিগার দাঁড়ায় ১০-৩-২৩-২!

এছাড়া জাহানারা, রুমানা ও রিতু মনি নিয়েছেন একটি করে উইকেট। ফারিহা (৬ ওভারে ২২) ও ফাহিমা (৮ ওভারে ১৯) উইকেট না পেলেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। যার ফলে বিশ্বমঞ্চে আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছায় নিগার সুলতানা বাহিনী।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।